কর অবকাশ চান ইলেক্ট্রিক পণ্য উৎপাদকেরা
বৃহস্পতিবার (১ জুন) পেশ হতে যাওয়া আসন্ন ২০২৩-২৪ অর্থবছরের বাজেট পাস হবে আগামী ২৬ জুন। এর আগে ২৫ জুন ২৩-২৪ অর্থবছরের অর্থবিল পাস করা হবে। বুধবার (৩১ মে) জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অপরদিকে দেশীয় ইলেকট্রনিক পণ্য খাতের বিকাশে ৭ থেকে ১০ বছরের জন্য কর অবকাশ–সুবিধা চান ব্যবসায়ীরা। একই সঙ্গে তারা ফ্রিজার ও রেফ্রিজারেটরের উৎপাদন পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট অব্যাহতি দাবি করেছেন।
বর্তমানে ফ্রিজ ও রেফ্রিজারেটর খাতে কর অবকাশ–সুবিধা রয়েছে। এই সুবিধা চলতি অর্থবছর শেষ হবে। এ ছাড়া শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র বা এসিতে আগামী অর্থবছর পর্যন্ত কর অবকাশ–সুবিধা রয়েছে বলে জানান ব্যবসায়ীরা।
উদ্যোক্তারা বলছেন, কর অবকাশ–সুবিধা তুলে নিলে সরকার সর্বোচ্চ ২০ থেকে ৩০ কোটি টাকার অতিরিক্ত রাজস্ব পাবে। তবে এ খাতের কাঁচামাল আমদানি হ্রাস পাবে, পণ্যের মূল্য বৃদ্ধি পেয়ে প্রতিযোগিতার ক্ষমতা ও কর্মসংস্থান হ্রাসের মাধ্যমে পুরো খাত সংকটে পড়বে। যা দেশজ উৎপাদন বৃদ্ধি ও রপ্তানি বাজার সৃষ্টির লক্ষ্যে গৃহীত সরকারের নীতির সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করেন তারা।





